বাংলাদেশ সফরে তারকাদের অভাবকে ‘সুযোগ’ হিসেবে দেখছেন ল্যাথাম

বাংলাদেশ সফরে তারকাদের অভাবকে ‘সুযোগ’ হিসেবে দেখছেন ল্যাথাম

বাংলাদেশ সফরে তারকাদের অভাবকে ‘সুযোগ’ হিসেবে দেখছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। আজ ঢাকায় পা রেখেছে কিউই ক্রিকেট দল, যেখানে অন্তত দশজন নিয়মিত খেলোয়াড় অনুপস্থিত। আইপিএল ও পিএসএলের ব্যস্ততার কারণে ল্যাথাম বিশ্বাস করেন, এটি দলের ভবিষ্যৎ গভীরতা ও শক্তি বাড়ানোর একটি সুযোগ।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল দুটি আলাদা ফ্লাইটে বাংলাদেশে এসে পৌঁছাবে। একটি ছোট গ্রুপ বিকেলে পৌঁছালেও দলের মূল অংশটি রাত ১১টার দিকে পৌঁছাবে। এরপর মঙ্গলবার এক দিন বিশ্রাম নিয়ে বুধবার থেকে মিরপুরের ইনডোরে প্র্যাকটিস সেশনে নামবে কিউইরা।

ল্যাথাম বলেন, ‘বেশ কয়েকজন খেলোয়াড় আইপিএল এবং পিএসএলে থাকায় এই সফরটি তরুণ বা তুলনামূলক কম অভিজ্ঞ খেলোয়াড়দের জন্য দারুণ এক সুযোগ। তবে আমাদের স্কোয়াডের প্রত্যেকেরই আন্তর্জাতিক খেলায় অভিজ্ঞতা রয়েছে, যা আমাদের ভাল করতে সাহায্য করবে।’

তিনি স্পষ্ট করে জানান যে বাংলাদেশে স্পিন একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। ল্যাথাম বলেন, ‘আমরা জানি বাংলাদেশে স্পিন বড় ভূমিকা পালন করে এবং এখানে কন্ডিশন নিউজিল্যান্ডের চেয়ে আলাদা। আমাদের দ্রুত মানিয়ে নেওয়া জরুরি।’

আগামী ১৭ এপ্রিল মিরপুরে প্রথম ওয়ানডের মাধ্যমে সিরিজ শুরু হবে। ২০ এপ্রিল একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ২৩ এপ্রিল চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলা হবে।

ওয়ানডে সিরিজ শেষে কুড়ি ওভারের লড়াই শুরু হবে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে ২৭ ও ২৯ এপ্রিল সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১ মে ঢাকায় সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলে ২ মে বাংলাদেশ ছাড়বে নিউজিল্যান্ড দল। স্বাগতিক বাংলাদেশ অপরিবর্তিত দল নিয়ে সিরিজে অংশ নিচ্ছে, যা পাকিস্তান সিরিজের জয়ী দল।

আরও পড়ুন