বান্দরবানে জলকেলিতে মাতোয়ারা মারমা তরুণ-তরুণীরা

বান্দরবানে জলকেলিতে মাতোয়ারা মারমা তরুণ-তরুণীরা

বান্দরবানে মারমা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সাংগ্রাই অনুষ্ঠিত হচ্ছে। উৎসব উপলক্ষে মৈত্রী পানি বর্ষণে মেতে উঠেছেন তরুণ-তরুণী, শিশু ও বয়োবৃদ্ধরা। মারমা সঙ্গীতের মূর্ছনা, নাচ-গানের আনন্দে উৎসবের পরিবেশ পুরোপুরি রঙিন হয়ে উঠেছে।

তরুণ-তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে আনন্দ উদযাপন করছেন। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে বান্দরবান রাজারমাঠে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দিপেন দেওয়ান এমপি প্রধান অতিথি হিসেবে মৈত্রী পানি বর্ষণের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু, জেলা প্রশাসক সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. আবদুর রহমান, উৎসব উদযাপন কমিটির সভাপতি দীপেন দেওয়ানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও পাহাড়ি জনগোষ্ঠীর বাসিন্দারা।

অনুষ্ঠানে শিশু থেকে বয়স্ক সবাই একে অপরের গায়ে পানি ছিটিয়ে নতুন বছরকে বরণ করে নেয় এবং পুরাতন গ্লানি মুছে ফেলার চেষ্টা করেন। পুরো বান্দরবান জেলা আনন্দ-উদ্দীপনা ও সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরে ওঠে।

মৈত্রী পানি বর্ষণের পাশাপাশি রাজারমাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়, যেখানে ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীরা বিভিন্ন ভাষায় সংগীত ও নৃত্য পরিবেশন করেন। আয়োজকদের পক্ষ থেকে প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দিপেন দেওয়ান এমপি বলেন, সরকার পার্বত্য এলাকার সংস্কৃতি ও উৎসবকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। জলকেলি উৎসব মারমা সম্প্রদায়ের একটি প্রধান উৎসব এবং এটি সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। তিনি সকল জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও শান্তি সুদৃঢ় করার আহ্বান জানান।

আরও পড়ুন