‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের ৪৯ নম্বর পর্বে মৃত্যু হয় ফাহাদের বাবার। জমিজমা জটিলতায় হতাশ ফাহাদের বাবা জানতে পারেন, বড় ছেলে ফাহাদ তাদের বসতভিটা বিক্রি করে দিয়েছে। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শেষ সময়ে ফাহাদকে স্মরণ করেন, যদিও ফাহাদ সেখানে ছিল না। এরপরই মারা যান তিনি।
বাবার মৃত্যুর খবর ফাহাদকে পরিবার থেকে জানানো হয়নি; সে জানতে পারে এক পরিজনের ফেসবুক পোস্টের মাধ্যমে। বাড়ি ফিরে মায়ের মুখোমুখি হলে মা তাকে স্বামীর মৃত্যুর জন্য দায়ী করেন।
৫২তম ও শেষ পর্বে ফাহাদের ফুফুর বিয়ের অনুষ্ঠানে ফাহাদের এক নারী সহকর্মী এসে তাকে প্রেমের প্রস্তাব দেয়। ফাহাদ পরিস্থিতি সামলাতে গেলে তা ভিডিও করা হয়। ভিডিও দেখে ফাহাদের স্ত্রী সায়রা রেগে গিয়ে সেই নারীকে চড় মারেন। এতে সায়রার কষ্ট সহ্য করতে না পেরে এবং পরিবারের বিশৃঙ্খলায় মানসিক চাপে হার্ট অ্যাটাকে মারা যান ফাহাদের মা।
নির্মাতা মোস্তফা কামাল রাজের ধারাবাহিকটি দর্শক ও সমালোচকদের মতে বাস্তব জীবনের প্রতিচ্ছবি। শেষ পর্বের ভিডিও ২১ ঘণ্টায় ৯৮ লাখ ৩৫ হাজারের বেশি ভিউ পায়। শেষ দৃশ্যে সায়রার সংলাপ ‘আর কী করলে আমাকে ভালোবাসবা?’ এবং মায়ের শেষ কথা দর্শকদের নাড়া দেয়।
ফাহাদের চরিত্রটি সমাজের সেই সব মানুষের প্রতিচ্ছবি, যারা অজান্তেই প্রিয়জনদের কষ্টের কারণ হয়। এক ফাহাদের কারণেই তার বাবা ও মা দুজনকে হারাতে হলো। দর্শকদের মনে এখন প্রশ্ন, ফাহাদ কি নিজেকে ক্ষমা করতে পারবেন?
ধারাবাহিকটিতে ফাহাদের মায়ের চরিত্রে মনিরা আক্তার মিঠুর অভিনয় প্রশংসিত হয়েছে। এছাড়া ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, কেয়া পায়েল, সুনেরাহ বিনতে কামালসহ বাকিদের অভিনয় ছিল অনবদ্য।
