বাব আল-মানদেব প্রণালি কেন গুরুত্বপূর্ণ, হুতিরা বন্ধ করে দিলে কী

বাব আল-মানদেব প্রণালি কেন গুরুত্বপূর্ণ, হুতিরা বন্ধ করে দিলে কী

ইয়েমেনের হুতি সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি শান্তি প্রক্রিয়ায় বাধা দিতে থাকেন, তবে বিদ্রোহীরা ইয়েমেন উপকূলে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘বাব আল-মানদেব’ প্রণালি বন্ধ করে দিতে পারে।

হুসেইন আল-এজ্জি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে উল্লেখ করেন, সানা (হুতি সরকার) যদি বাব আল-মানদেব বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে আসমান-জমিনের কোনো শক্তিই তা খুলতে পারবে না। তিনি ট্রাম্প এবং তার মিত্র দেশগুলোর প্রতি শান্তি বিঘ্নিতকারী কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানান।

বাব আল-মানদেব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে সংযুক্ত করেছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ শিপিং চোকপয়েন্ট। যুদ্ধের এক পর্যায়ে তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর থেকে এর গুরুত্ব বেড়েছে। বর্তমানে, বিশ্বের মোট তেল ও গ্যাসের ২০ শতাংশ এই প্রণালির মাধ্যমে পরিবহন করা হয়।

হুতি বিদ্রোহীরা ইতোমধ্যে এই জলপথ বন্ধ করার ক্ষমতা প্রমাণ করেছে। গাজায় ইসরায়েলের যুদ্ধের সময় তারা ইয়েমেনের উপকূলে প্রণালিটি অবরুদ্ধ করেছিল। যদি বাব আল-মানদেব বন্ধ হয়, তবে এটি বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ সংকট সৃষ্টি করবে এবং বিভিন্ন দেশে কল-কারখানা এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় বিরূপ প্রভাব ফেলবে।

বাব আল-মানদেব প্রণালি ভৌগোলিকভাবে ইয়েমেন ও হর্ন অব আফ্রিকার জিবুতি ও ইরিত্রিয়ার মাঝে অবস্থিত। এর সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র ২৯ কিলোমিটার (১৮ মাইল) চওড়া। বর্তমানে এই পথটি কার্যত ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।

বিশ্ব বাণিজ্যের প্রায় ১০ শতাংশ এই প্রণালির মাধ্যমে সম্পন্ন হয়। যদি এটি বন্ধ হয়ে যায়, তবে জাহাজগুলোকে বিকল্প পথ হিসেবে আফ্রিকার দক্ষিণ প্রান্তের ‘কেপ অব গুড হোপ’ ঘুরে যাতায়াত করতে হবে, যা সময় ও খরচ বাড়িয়ে দেবে।

বিশেষজ্ঞ এলিজাবেথ কেনডল বলেন, বাব আল-মানদেব বন্ধ হলে বিশ্বজুড়ে এক ‘দুঃস্বপ্নতুল্য’ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তিনি সতর্ক করেন যে, এই প্রণালি অবরুদ্ধ হলে ইউরোপের সঙ্গে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে যেতে পারে।

আরও পড়ুন