বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তাররা হলেন নুসরাত জাহান (২৮) ও মো. সোহান (২৪)। সোমবার (১১ মে) দিবাগত রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৪-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি জানান, অভিযুক্তরা পল্লবী থানাধীন এলাকায় বিএফসি গ্লোবাল কনসালটেন্সি নামে একটি অফিস খুলে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অস্ট্রেলিয়া, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে কাজের সুযোগের প্রচারণা চালায়। বিজ্ঞপ্তি দেখে ভুক্তভোগীরা যোগাযোগ করলে তাদের অস্ট্রেলিয়া যেতে জনপ্রতি ৯ লাখ, কুয়েত যেতে ৬ লাখ, ইতালি যেতে ২০ লাখ এবং সার্বিয়াতে যেতে ৮ লাখ টাকা দিতে বলা হয়।
ভুক্তভোগীরা অভিযুক্তদের সঙ্গে চুক্তি করে কয়েকটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে সর্বমোট সাড়ে তিন কোটি টাকা জমা দেন। তিন মাসের মধ্যে বিদেশে পাঠানোর কথা থাকলেও এক মাস পর তাদের ভুয়া অস্ট্রেলিয়ান ভিসা দেওয়া হয়। পরে ফ্লাইটের তারিখ নির্ধারণ করে বুকিং করা এয়ার টিকিটের প্রিন্ট কপি দেওয়া হয়। তবে ফ্লাইটের তারিখ আসার এক দিন আগে বিভিন্ন অজুহাত দেখিয়ে টিকিট বাতিলের কথা জানানো হয়।
এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর র্যাব-৪ ছায়া তদন্ত শুরু করে। তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা সূত্রের ভিত্তিতে অবস্থান শনাক্ত করে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।
