বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক

বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক

যশোরের অভয়নগরে ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্যশষ্য ও কয়লা ব্যবসায়ী সমিতি এবং অভয়নগর নওয়াপাড়া শ্রমজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সভা থেকে বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের আহ্বান জানানো হয়েছে।

বিক্ষোভ মিছিলটি নওয়াপাড়া রেলস্টেশন বাজার থেকে শুরু হয়ে নূরবাগ বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে যশোর-খুলনা মহাসড়কের পাশে জেলা পরিষদ মার্কেটের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা চলাকালে প্রায় ৪৫ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

সভায় বক্তব্য দেন নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্যশষ্য ও কয়লা ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গণি সরদার, সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, উপদেষ্টা ও নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, অভয়নগর নওয়াপাড়া শ্রমজীবী সমন্বয় পরিষদের সভাপতি ও সাবেক পৌর মেয়র রবিউল হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাঘা, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্যশষ্য ও কয়লা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও মেসার্স জয়েন্ট ট্রেডিং কর্পোরেশনের পরিচালক আনিছুর রহমান হত্যার পাঁচ দিন পেরিয়ে গেলেও প্রধান আসামি শাহ মো. মাহমুদসহ চিহ্নিত আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

আরও পড়ুন