বৈদ্যুতিক ঠিকাদারী লাইসেন্স প্রদান কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর করতে অনলাইনে আবেদন গ্রহণের ঘোষণা দিয়েছে সরকারের বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ড।
১৬তম ব্যাচের বৈদ্যুতিক ঠিকাদারী লাইসেন্সের জন্য আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। সম্প্রতি প্রধান বিদ্যুৎ পরিদর্শকের কার্যালয়ের অধীন বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ড থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের নির্ধারিত অনলাইন পোর্টালে প্রবেশ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের সময় মোবাইল নম্বরে প্রেরিত ওটিপি যাচাইয়ের মাধ্যমে অ্যাকাউন্ট সক্রিয় হবে। ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে আবেদনপত্র পূরণ করতে হবে।
লাইসেন্সের জন্য আবেদনের ক্ষেত্রে বৈধ ট্রেড লাইসেন্সের অনুলিপি, বিআইএন, টিআইএন সনদের কপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, এবং লাইসেন্সপ্রাপ্ত বৈদ্যুতিক সুপারভাইজারের সম্মতিপত্রসহ কিছু গুরুত্বপূর্ণ দলিলপত্র সংযুক্ত করা বাধ্যতামূলক। আবেদনকারীদের ছবি, স্বাক্ষর এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রও স্ক্যান করে আপলোড করতে হবে।
লাইসেন্স ফি বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক অথবা ই-চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে হবে। ফি জমা দেওয়ার পর ট্রেজারি চালানের তথ্য অনলাইনে সংযুক্ত করতে হবে। আবেদনকারীরা সাবমিট করার আগে তথ্য ভালোভাবে যাচাই করতে হবে, কারণ একবার ফাইনাল সাবমিট করা হলে পরে সংশোধনের সুযোগ থাকবে না।
সফলভাবে আবেদন সম্পন্ন হলে আবেদনকারীর ড্যাশবোর্ডে আবেদনের বর্তমান অবস্থা দেখা যাবে। সাক্ষাৎকার বা পরীক্ষার সময় আবেদনকারীদের সকল মূল কাগজপত্র প্রদর্শন করতে হবে।
বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ডের কর্মকর্তারা জানান, অনলাইনভিত্তিক এ ব্যবস্থার মাধ্যমে আবেদন প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ হবে। সরকারের ডিজিটাল সেবা সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
