ব্যবসায়ীকে হত্যা, প্রতিবাদে দোকান বন্ধ

ব্যবসায়ীকে হত্যা, প্রতিবাদে দোকান বন্ধ

যশোরের অভয়নগরে সার আমদানি ও রপ্তানিকারক ব্যবসায়ী আনিছুর রহমান (৬৭) কুপিয়ে হত্যার ঘটনায় ব্যবসায়ীরা বিক্ষোভে ফেটে পড়েছেন। বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে নওয়াপাড়া বাজারের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

নিহত আনিছুর রহমান সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামে বসবাস করছিলেন এবং নওয়াপাড়া বাজারের মেসার্স জয়েন্ট ট্রেডিং কর্পোরেশন লিমিটেড-এর পরিচালক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের ব্যক্তিগত ম্যানেজার রেজাউল করিম জানান, বুধবার (৬ মে) সন্ধ্যায় আনিছুর রহমানের সঙ্গে কথা বলার সময় পীরবাড়ির শাহ মাহমুদের নেতৃত্বে ৫-৬ জন যুবক ভাড়া নিয়ে বাগবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে শাহ মাহমুদ ধারালো কুড়াল দিয়ে আনিছুর রহমানের মুখমণ্ডলে আঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন এবং ভৈরব নদের ঘাটে পণ্য ওঠানো-নামানোর কাজও বন্ধ রাখেন। পরে বিকেলে যশোর-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন জানান, আনিছুর রহমান হত্যার প্রতিবাদে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, আনিছুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে এবং ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। জড়িত শাহ মো. মাহমুদকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন