ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বজ্রপাতে ফাহাদ মিয়া (১৫) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিনাউটি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিমিউল ইসলাম।
নিহত ফাহাদ মিয়া উপজেলার বিনাউটি দক্ষিণপাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, দুপুরে আকাশ মেঘলা হওয়ার পর ফাহাদ মিয়া বাড়ির বাইরে ঘুরতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কসবা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইউএনও মো. ছামিমিউল ইসলাম বলেন, ‘বজ্রপাতে ফাহাদ মিয়া নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে।’
