ভাঙ্গায় পিকআপের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২

ভাঙ্গায় পিকআপের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২

ফরিদপুরের ভাঙ্গায় পিকআপের সঙ্গে সংঘর্ষে একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় দুইজন নিহত এবং অন্তত ২৯ জন আহত হয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর মোল্লা (৪০) এবং আলমগীর শেখ (৫০) উভয়েই ভাঙ্গা পৌরসভার কৈডুবি সদরদী মহল্লার বাসিন্দা ও বাঙ্গী ব্যবসায়ী ছিলেন।

ভাঙ্গা দমকল বাহিনী ও হাইওয়ে পুলিশ দুর্ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, শাহ ফরিদপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফরিদপুর থেকে মাদারীপুরের দিকে যাচ্ছিল। এই সময় একটি বাঙ্গী বোঝাই পিকআপের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে।

দমকল বাহিনীর সদস্যরা আহত ৩০ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের জানান, আহত ২৯ জনের মধ্যে ১২ জনকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন