ভোলার তজুমদ্দিন উপজেলায় প্রায় ৩৭ কেজি ওজনের ও ৭ ফুট ৬ ইঞ্চি দৈর্ঘ্যের বিরল ‘মনিটর লিজার্ড’ প্রজাতির আরেকটি গুইসাপ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের আনন্দ বাজার সংলগ্ন একটি বাগান থেকে গুইসাপটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে এক বাসিন্দা বাজারে যাওয়ার পথে বাগানের ঝোপঝাড়ে অস্বাভাবিক নড়াচড়া দেখে থামেন। একপর্যায়ে দেখতে পান একটি অদ্ভুত প্রাণী ছাগলের বাচ্চা খাচ্ছে। পরে তিনি আশপাশের লোকজন জড়ো করে প্রাণীটিকে ধাওয়া দিয়ে আটক করেন এবং নিশ্চিত হন এটি বিরল প্রজাতির গুইসাপ। খবর পেয়ে বন বিভাগের লোকজন এসে সেটি উদ্ধার করে হেফাজতে নেয়। স্থানীয়দের দাবি, এর আগে এত বড় গুইসাপ দেখেননি কেউ।
ভোলা উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. মনিরুজ্জামান বলেন, এটি ‘মনিটর লিজার্ড’ বিরল প্রজাতির গুইসাপ, যা সচরাচর দেখা মেলে না। খবর পেয়ে দৌলতখান রেঞ্জের লোকজন গিয়ে উদ্ধার করেন। গুইসাপটি মনিটরিংয়ে রয়েছে এবং পরবর্তীতে বনে অবমুক্ত করার উপযোগী হলে সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে। তিনি আরও বলেন, এগুলো প্রকৃতির সম্পদ, রক্ষার দায়িত্ব সবার। মূলত খাবার খেতেই মানুষের হাতে আটক হচ্ছে। গুইসাপের খাবারের উৎস বজায় রাখতে মানুষকে সচেতন হতে হবে।
উল্লেখ্য, এর আগে গত ৭ মে সদর উপজেলার চরনোয়াবাদ থেকেও ছাগলের বাচ্চা খাওয়া অবস্থায় প্রায় ৪০ কেজি ওজনের ও ৯ ফুট ২ ইঞ্চি দৈর্ঘ্যের আরেকটি বিরল ‘মনিটর লিজার্ড’ প্রজাতির গুইসাপ উদ্ধার করে স্থানীয় লোকজন। বন বিভাগ গিয়ে উদ্ধার করে চিকিৎসা শেষে সংরক্ষিত বনে অবমুক্ত করে।
