ময়মনসিংহে বালুশ্রমিকের জীবন: ১২ ঘণ্টা খাটুনিতে মজুরি ৭০০ টাকা

ময়মনসিংহে বালুশ্রমিকের জীবন: ১২ ঘণ্টা খাটুনিতে মজুরি ৭০০ টাকা

ময়মনসিংহ নগরীর চর গোবিন্দপুর এলাকার তিন শতাধিক শ্রমিকের দিন শুরু হয় রাত ৩টায়, যখন পুরো শহর ঘুমিয়ে থাকে। নদীপথে বালু তোলা, নৌকায় আনা, তারপর ঘাটে নামানো—টানা পরিশ্রম চলে বিকেল ৩টা পর্যন্ত। ১২ ঘণ্টার কঠোর শ্রম শেষে তাদের হাতে আসে মাত্র ৬-৭শ টাকা।

শ্রমিক খাইরুল ইসলাম জানান, সপ্তাহে তিন থেকে চার দিন কাজ জোটে। প্রতিদিন সাধারণত একটি নৌকায় বালু আনা যায়, যেখানে তিনজন শ্রমিক থাকেন এবং ভাগ করে প্রত্যেকে পান প্রায় ৭০০ টাকা। তিনি বলেন, ‘এই টাকায় কোনোমতে দিন চলে। সাধারণত ডাল-ভাত খেয়ে যেতে পারি। এর বেশি কিছু চিন্তা করার সুযোগ নেই।’

একই ঘাটে কাজ করা কামাল উদ্দিন বলেন, কাজের কোনো নিশ্চয়তা নেই। আজ কাজ আছে, কাল নাই। বৃষ্টি হলে বা নদীতে সমস্যা থাকলে কাজ বন্ধ থাকে, তখন আয় একেবারেই বন্ধ হয়ে যায়। আরেক শ্রমিক জহিরুল ইসলাম বলেন, ‘১২ ঘণ্টা খাটুনি, কিন্তু সেই অনুযায়ী টাকা পাই না। সংসার চালাতে কষ্ট হয়।’

খাইরুলদের মতো শত শত শ্রমিকের জীবন একই ছকে বাঁধা। নদীর বুকে শুরু হওয়া তাদের দিন শেষ হয় ঘাটে, আর সেই সঙ্গে শেষ হয় আরেকটি কঠিন দিনের লড়াই। সীমিত আয়ের এই জীবনে স্বপ্নগুলোও যেন বালুর স্তূপের মতোই ভারী হয়ে থাকে।

আরও পড়ুন