লক্ষ্মীপুরের রায়পুরে ২০ বছর কর্মজীবন শেষে মো. মুসলিম (৭০) নামে মসজিদের এক খাদেমকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বিদায় দেওয়া হয়েছে। এসময় তাকে উপহার হিসেবে ২ লাখ টাকা দেওয়া হয়।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নতুন পোশাক পরিহিত খাদেমকে সাজানো গোড়ার গাড়িতে চড়িয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। মুসলিম রায়পুর পৌর শহরের মৌলভী ইব্রাহীম সাহেবের বাড়ির বাসিন্দা ও উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয় জামে মসজিদের খাদেম ছিলেন। বিদায়ের মুহূর্তে মুসলিম আবেগাপ্লুত হয়ে পড়েন। মসজিদের খতিব, ইমাম ও কমিটির সদস্যদের চোখে ছিল অশ্রু।
খাদেম মো. মুসলিম বলেন, দায়িত্বপালনে কখনও ত্রুটি ছিল না। মসজিদকে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেছি। শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে কাজ করতে পারছি না, এজন্য বিদায় নিতে হয়েছে। মসজিদ কমিটি আমাকে সম্মান দেখিয়েছেন।
মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আরিফ হোসাইন মিয়াজী বলেন, মুসলিম ২০ বছর ধরে এ মসজিদে খাদেম হিসেবে কাজ করেছেন। সবসময় মসজিদকে পরিষ্কার-পরিচ্ছন্ন রেখেছেন তিনি। তার বয়স ও শারীরিক সক্ষমতা কমে যাওয়ার কারণে তিনি অবসরে গেছেন। তিনি অত্যন্ত ভালো মানুষ এবং সবার প্রিয় ছিলেন।
মসজিদ কমিটির সেক্রেটারি এনামুল হক বলেন, মুসলিমকে একটি সুন্দর ও সম্মানজনক বিদায় দিতে আমরা চেষ্টা করেছি। এজন্য পাশের জেলা চাঁদপুর থেকে ঘোড়ার গাড়ি ভাড়া করা হয়েছে। তার হাতে নগদ ২ লাখ টাকা সম্মানি তুলে দেওয়া হয়েছে। মসজিদ কমিটি সবসময় তার পাশে থাকবে।
