মহাখালীতে তীব্র যানজট, ঘণ্টা পার হলেও নড়ছে না গাড়ি

মহাখালীতে তীব্র যানজট, ঘণ্টা পার হলেও নড়ছে না গাড়ি

রাজধানীর মহাখালী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে আমতলী থেকে সাতরাস্তা যাওয়ার রাস্তা প্রায় কয়েক ঘণ্টা ধরে যানচলাচল বন্ধ রয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে শুরু হওয়া এই যানজট রাত সাড়ে ৯টা পর্যন্ত চলমান ছিল।

মহাখালীতে যানজটের কারণে বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন প্রকার যানবাহন দীর্ঘ সময় ধরে একই স্থানে দাঁড়িয়ে রয়েছে। অনেক যাত্রী ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গন্তব্যে পৌঁছাতে পারছেন না। যানজট মহাখালী থেকে গুলশান এবং জাহাঙ্গীর গেইট পর্যন্ত ছড়িয়ে পড়েছে, ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

চালকদের মধ্যে একাধিক ব্যক্তি জানান, সন্ধ্যা ৭টার পর শুরু হওয়া যানজট ধীরে ধীরে ভয়াবহ রূপ নেয়। সড়কে যানবাহনের দীর্ঘ সারি ও ধীরগতির কারণে পুরো এলাকায় ভোগান্তি চরমে পৌঁছেছে।

মহাখালীতে যানজটের কারণ সম্পর্কে থানার পুলিশ ও ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার পর কড়াইল বস্তির লোকজন রাস্তা অবরোধ করেছিল প্রায় ৩০ মিনিট। তারা বিদ্যুতের লাইন কেটে দেওয়ার অভিযোগে এই অবরোধ করেন। পুলিশ তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে যানচলাচল শুরু হয়, কিন্তু এর ফলে যানজট ছড়িয়ে পড়ে।

এছাড়া, মহাখালী আন্ত:জেলা বাস টার্মিনাল সংলগ্ন তেলের পাম্প থেকে জ্বালানি নিতে বিভিন্ন পরিবহনের দীর্ঘ লাইনও যানজটের একটি কারণ। ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তারা কাজ করছেন।

আরও পড়ুন