মাসদার হোসেনের ‘আইনজীবী’ সনদ স্থগিত করল বার কাউন্সিল

মাসদার হোসেনের ‘আইনজীবী’ সনদ স্থগিত করল বার কাউন্সিল

বাংলাদেশ বার কাউন্সিল মো. মাসদার হোসেনের ‘আইনজীবী’ সনদ স্থগিত করেছে। সাবেক জেলা ও দায়রা জজ এবং অন্তর্বর্তী সরকারের বিচারবিভাগীয় সংস্কার কমিশনের সদস্য মাসদার হোসেনের সনদটি স্থগিত করার সিদ্ধান্ত বুধবার বার কাউন্সিলের একটি সভায় গৃহীত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ এপ্রিল দৈনিক কালবেলা পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, তিনি তার মক্কেলের কাছ থেকে সোয়া এক কোটি টাকা আত্মসাৎ করেছেন। উল্লেখ্য, মাসদার হোসেন অভিযোগটি স্বীকার করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

অভিযোগের প্রাথমিক সত্যতা এবং পেশাগত নৈতিকতার বিষয়টি বিবেচনায় নিয়ে বার কাউন্সিল তার সনদ সাময়িকভাবে স্থগিত করেছে। এছাড়াও, তাকে ১৫ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে কেন তার সনদ স্থায়ীভাবে বাতিল করা হবে না। এই সময় পর্যন্ত তার সনদ স্থগিত থাকবে।

মাসদার হোসেন ১৯৮৩ সালে মুনসেফ হিসেবে বিচার বিভাগে কর্মজীবন শুরু করেন এবং ১৯৯৯ সালে তিনি বিচার বিভাগের স্বাধীনতার লক্ষ্যে ‘মাসদার হোসেন মামলা’ দায়ের করেন, যার মাধ্যমে ২০০৭ সালে বাংলাদেশে বিচার বিভাগকে নির্বাহী বিভাগের থেকে পৃথক করা হয়। তিনি বর্তমানে উচ্চ আদালতে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছিলেন।

আরও পড়ুন