মিরপুর বিইউপি ভবনে এসি আগুনে চারজন দগ্ধ

মিরপুর বিইউপি ভবনে এসি আগুনে চারজন দগ্ধ

রাজধানীর মিরপুর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) একাডেমিক ভবনের তৃতীয় তলায় এসি মেরামতের সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে চারজন দগ্ধ হয়েছেন।

বুধবার দুপুর আড়াইটার দিকে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। আহতরা হলেন আল মামুন (৩৪), মোহাম্মদ সেলিম (৩০), রাসেল (৪৫) ও সুজন (৩১)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুর এলাকা থেকে এসি বিস্ফোরণের ঘটনায় চারজন দগ্ধ হলে তাদের বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

ডা. শাওন বিন রহমান বলেন, বর্তমানে তাদের ড্রেসিং চলছে। তাই এই মুহূর্তে দগ্ধের পরিমাণ জানানো সম্ভব হচ্ছে না। ড্রেসিং সম্পূর্ণ হলে দগ্ধের পরিমাণ জানা যাবে বলেও জানান তিনি।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী ওমর ফারুক জানান, বুধবার দুপুর পৌনে ১টার দিকে বিইউপি একাডেমিক ভবনের তৃতীয় তলায় এসি মেরামতের সময় হঠাৎ শর্ট সার্কিটে আগুন লাগে। এতে চারজন দগ্ধ হন। পরে তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ওমর ফারুক বলেন, বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। আহতরা চারজনই এসি মেরামতকারী মিস্ত্রির কাজ করতেন।

আরও পড়ুন