মুন্সীগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে তরুণ নিহত

মুন্সীগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে তরুণ নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগরে মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে এক তরুণ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৭টার দিকে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই এলাকায় ওসমান গনি বাড়ির মসজিদে ফজরের নামাজের সময় মুসুল্লিদের পকেট থেকে মোবাইল চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা মোহাম্মদ শাহাদাৎ হোসেন (২৭) নামে এক তরুণকে আটক করে মারধর করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং তার মরদেহ মসজিদের সামনে সড়কে ফেলে রাখা হয়।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ হেফাজতে নিয়ে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। নিহত শাহাদাৎ একই এলাকার শামসুল হকের ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিছুর রহমান জানান, ঘটনার পরপরই সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনার সূত্রপাত কীভাবে হলো এবং কারা কারা ওই ব্যক্তিকে মারধর করেছেন, তা শনাক্ত করতে কাজ করছে পুলিশ। শনাক্ত করতে পারলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন