মোহাম্মদপুরে আসাদুল হত্যায় চারজন গ্রেফতার

মোহাম্মদপুরে আসাদুল হত্যায় চারজন গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে আসাদুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে আসামি আকতার হোসেন একসময় আসাদুলকে মারধর করে গুরুতর আহত করে, যার ফলস্বরূপ মামলা হয়। লেনদেনের সমস্যা থেকে ক্ষোভের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।

শনিবার (১৮ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গণমাধ্যমে এ তথ্য জানায়। গত বুধবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের রায়েরবাজারের সাদেক খানের ইটখোলা এলাকায় আসাদুলের ওপর অতর্কিত হামলা চালানো হয়। পরে থানায় মামলা হলে শুক্রবার (১৭ এপ্রিল) কেরানীগঞ্জ থেকে আসামীদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মো. মুন্না (২৪), মো. আকতার হোসেন (৪৫), মো. মিরাজ ফকির (২২) ও মো. নয়ন ওরফে খোকন (২৪)। মুন্নার বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের সাতটি, মিরাজের বিরুদ্ধে একটি এবং নয়নের বিরুদ্ধে দুইটি মাদক মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসাদুল ও আসামিদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আসামিরা হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেছে এবং টাকা-পয়সা লেনদেনে বিরোধের তথ্যও পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন