মৌলভীবাজারে নদ-নদীর পানি কমতে শুরু করেছে। জেলার কুশিয়ারা, মনু ও ধলাই নদীর পানি কমেছে তবে জুড়ী নদীর পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে অতিক্রম করেছে। পানি কমার সঙ্গে সঙ্গে তলিয়ে যাওয়া বোরো ধান ক্ষেত দেখা যাচ্ছে। তবে হাওর এলাকা এখনও নিমজ্জিত।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে মনু, ধলাই, কুশিয়ারা ও জুড়ী নদীর পানি বৃদ্ধি পায়। তবে গতকাল বিকেল থেকে পানি কমতে শুরু করে। এখন পানি অনেকটা কমে গেছে।
সরেজমিনে জেলার কমলগঞ্জ, রাজনগর, মৌলভীবাজার সদর উপজেলার বেশ কিছু এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টি ও ঢলের পানিতে বিস্তীর্ণ ফসলের মাঠ পানির নিচে তলিয়ে গেলেও এখন পানি কমে গেছে। তবে হাওরের পানি কমেনি। হাওর এলাকা এখনো পানিতে টইটম্বুর।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, জেলার নদীগুলোর দ্রুত পানি নামছে। আশা করছি উজানে বৃষ্টি না হলে পানি আর বৃদ্ধি পাবে না।
