মৌলভীবাজারে হামে শতাধিক রোগী, আইসোলেশনে ১৩

মৌলভীবাজারে হামে শতাধিক রোগী, আইসোলেশনে ১৩

মৌলভীবাজারে হামের লক্ষণ নিয়ে চিকিৎসা নিয়েছেন শতাধিক রোগী। জেলা সদর হাসপাতালে ১৩ জন আইসোলেশনে আছেন। গত কয়েকদিনে ৩০ জন চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন।

সোমবার (৬ এপ্রিল) মৌলভীবাজার সিভিল সার্জন সূত্রে জানা যায়, জেলা সদর হাসপাতালে ২০ বেডের আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বেডের আইসোলেশন সেন্টার চালু করা হচ্ছে।

সন্দেহজনক হামের লক্ষণ নিয়ে ১০০ জন আসেন। তাদেরকে পরীক্ষা করার পর ১০ জনের পজেটিভ পাওয়া যায়। মৌলভীবাজার সদর হাসপাতালে ১৩ জন আইসোলেশন সেন্টারে ভর্তি রয়েছেন।

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. আহমেদ ফয়সল জামান জানান, হাসপাতাল থেকে ৩০ জন ভর্তি রোগী চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন। এখন ১৩ জন রোগী আইসোলেশন সেন্টারে ভর্তি আছেন।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান বলেন, জেলার বিভিন্ন উপজেলা হাসপাতালে সন্দেহভাজন ১০০ জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন। সদর হাসপাতালে ২০ বেডের আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। প্রয়োজনে এর সংখ্যা বৃদ্ধি করা হবে।

তিনি আরও বলেন, সদর হাসপাতালে ১৩ জন রোগী আইসোলেশনে আছে। অনেকের নমুনা পরীক্ষা করা হয়েছে। ঢাকা থেকে রিপোর্ট আসতে একটু বিলম্ব হয়। প্রতিদিন হামের লক্ষণ নিয়ে অনেকেই আসছেন। যেসব বাচ্চাদের হামের লক্ষণ পাওয়া যায় তাদেরকে আলাদা করে আইসোলেশন করা হয়।

আরও পড়ুন