যশোরের যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রাশেদুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার শহরের কাজীপাড়ার আব্দুল আজিজ সড়কের বাসিন্দা শরিফুল আলম বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন অভিযোগটি গ্রহণ করে আদেশের জন্য রেখে দিয়েছেন।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট দেবাশীষ দাস বিষয়টি নিশ্চিত করেছেন, তবে মামলার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে মামলার বাদী শরিফুল আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশ আদালতের সামনের রাস্তা থেকে তাকে আটক করেছে। যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে জানা গেছে, আইন বহির্ভূত আদেশ, আইনজীবীদের সঙ্গে অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে যশোর জেলা আইনজীবী সমিতি গত ৪ মার্চ আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করে। সেই থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের কার্যক্রম বিচারক আইনজীবীদের অনুপস্থিতে করে আসছেন।
বাদী শরিফুল আলমের একটি মামলা এই আদালতে বিচারাধীন ছিল। গত ৩০ মার্চ তিনি আইনজীবীদের আদালত বর্জনের কারণে সশরীরে আদালতে উপস্থিত হয়ে একটি সময়ের আবেদন জমা দেন। এদিন বিচারক রাশেদুর রহমান মামলার বাদীর সময়ের আবেদন নামঞ্জুর করে বাদীর বক্তব্য একতরফাভাবে গ্রহণ করেন। বিচারক আদেশে ডাক মতে বিবাদীর অনুপস্থিতি উল্লেখ করে সাক্ষ্যগ্রহণ সমাপ্ত করে যুক্তিতর্কের দিন ধার্য করেন।
বাদী মামলায় উল্লেখ করেন, বিচারক রাশেদুর রহমান বিচারাধীন অনেক মামলা ক্ষমতার অপব্যবহার করে অর্পিত দায়িত্ব-কর্তব্য পালন না করায় দুর্নীতি প্রতিরোধ আইন লঙ্ঘন করেছেন। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন ও কোতোয়ালি থানায় দেয়া অভিযোগ কর্তৃপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে মামলা করেছেন।
