রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তির এলোপাথাড়ি কুপিয়ে কলেজছাত্রী দিয়া আক্তার (২০) নিহত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরের দিকে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত হন মৌসুমী (৩৫), মুয়াজ (১৫) ও জয়া (১২), যাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। নিহত দিয়া শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের শিক্ষার্থী ছিলেন।
পুলিশের তথ্যমতে, আবু মুসা নামে এক ঠিকাদার নবীউল্লাহর কাছে পাওনা টাকা নিতে ভোরে নবীউল্লাহর বাড়িতে যান। কথা কাটাকাটির জেরে নবীউল্লাহ আবু মুসাকে কুপিয়ে জখম করেন। আবু মুসা উত্তেজিত হয়ে নবীউল্লাহর স্ত্রী মৌসুমীকে কুপিয়ে আহত করেন এবং পরে দিয়া ও তার ছোট ভাই-বোনকে কুপিয়ে জখম করেন। চিকিৎসাধীন অবস্থায় দিয়া আক্তার মারা যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। এ ঘটনায় আবু মুসাও ঢাকা মেডিকেলে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।
