ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীর চুল কেটে নির্যাতনের অভিযোগে স্বামী দ্বীন ইসলাম (২৭) গ্রেপ্তার হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে নরসিংদী সদরের খালপাড় এলাকা থেকে দ্বীন ইসলামকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী স্ত্রী মীম আক্তার এবং তার পরিবারের সদস্যদের অভিযোগ, বিয়ের পর থেকে দ্বীন ও তার পরিবার ব্যবসার কথা বলে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। আর্থিক সামর্থ্য না থাকায় সেই টাকা দিতে না পারায় মীমকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছিল।
পরিবারের অভিযোগ, গত ৫ মে সকালে নির্যাতন চরম মাত্রায় পৌঁছায়। সেদিন দ্বীন ইসলাম মীমকে মারধর করেন এবং ধারালো অস্ত্র দিয়ে মুখ ও হাতে আঘাত করেন। এরপর তিনি স্ত্রীর মাথার চুল কেটে দেন এবং এ কাজে তার মা সহযোগিতা করেন।
নির্যাতনের পর গুরুতর আহত অবস্থায় মীমকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান।
মীম নিজেই বাদী হয়ে আখাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশ অভিযুক্ত দ্বীনকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় নরসিংদীর খালপাড় এলাকায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর বুধবার রাতে সেখানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
ওসি জাবেদ উল ইসলাম জানান, ‘গ্রেপ্তার দ্বীন ইসলামকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে।’
