রমনা পেট্রোল পাম্পে তেল নিতে গাড়ির এক কিলোমিটার সারি

রমনা পেট্রোল পাম্পে তেল নিতে গাড়ির এক কিলোমিটার সারি

রাজধানীর মৎস্যভবন এলাকার রমনা পেট্রোল পাম্পে জ্বালানি তেল নিতে প্রায় এক কিলোমিটারজুড়ে গাড়ির লম্বা সারি দেখা গেছে। রোববার দুপুরে সেখানে গাড়িচালকদের দুই থেকে আড়াই ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, গণপূর্ত ভবনের সামনে থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত রশি দিয়ে লাইনের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি লাইনে দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার প্রবেশ করছে এবং মোটরসাইকেল প্রতি ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে।

লাইনে দাঁড়িয়ে থাকা আহসান হাবিব বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে থেকে লাইন ধরেছিলেন এবং পাম্পে পৌঁছাতে তার আড়াই ঘণ্টা লেগেছে। তিনি প্রশ্ন করেন, দিনের এতটা সময় তেল নিতেই লাগলে অন্য কাজ করবেন কখন।

গণপূর্ত ভবনের গেটের সামনে লাইনের শেষ প্রান্তে থাকা নোয়া গাড়ির চালক রাজীবুর রহমান বলেন, তিনি এখনই এসে লাইনে দাঁড়িয়েছেন এবং পাম্পে পৌঁছাতে কত সময় লাগবে তা বলতে পারছেন না। তবে তেল পাওয়া যাচ্ছে এটাই বড় কথা বলে তিনি উল্লেখ করেন।

পাম্পের কর্মীরা জানান, সকাল ৯টা থেকে তেল বিক্রি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পাম্পের কার্যক্রম স্বাভাবিক রাখতে সব কর্মী কাজ করছেন এবং অতিরিক্ত নিরাপত্তার জন্য পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন