চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামী মো. রায়হান (২৪) গ্রেপ্তার হয়েছে। র্যাব-৭ এর সদস্যরা ১৪ জুন রাত ১০টার দিকে বাগোয়ান ইউনিয়নের বড় ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
মাকসুদুল হক চৌধুরী মাসুদ গত ১৩ জুন দুপুরে রাউজানের পাহাড়তলী চৌমুহনী বাজার এলাকায় প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তার বড় ভাই পেয়ারুল হক চৌধুরী রাউজান থানায় হত্যা মামলা দায়ের করেন, যেখানে ১১ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ৭ থেকে ৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
গ্রেপ্তার হওয়া রায়হান মামলার ৮ নম্বর এজাহারভুক্ত পলাতক আসামী হিসেবে পরিচিত। এছাড়া তিনি রাউজান থানার একটি ডাকাতি প্রস্তুতি মামলারও আসামী। র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন এক বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। রায়হানকে আইনগত ব্যবস্থার জন্য রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
