রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে রাতের তল্লাশির অভিযোগে হল সংসদের এজিএসসহ তিনজনের আবাসিকতা সাময়িকভাবে বাতিল করেছে হল প্রশাসন।
রোববার (১২ এপ্রিল) ভোর ৫টায় একটি সভা শেষে এ সিদ্ধান্ত জানান প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবর রহমান। এ ছাড়া হলের সহ-সভাপতি মো. মোজাম্মেল হককেও শোকজ করা হয়েছে।
আবাসিকতা বাতিল হওয়া শিক্ষার্থীরা হলেন, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. মোজাম্মেল, আরবি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. সাকিব জুবায়ের এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. ফোরকান হাফিজ জিম।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) ভোর ৪:৩০টার দিকে ১২১ নম্বর কক্ষে ‘নারী অবস্থান করছে’ সন্দেহে তল্লাশি চালানো হয়। তবে সেখানে কোনো নারী পাওয়া যায়নি। এ ঘটনায় হল সংসদের নেতাদের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং পরবর্তীতে হলের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
আবাসিকতা বাতিলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারীর প্রবেশের অভিযোগ প্রাথমিকভাবে অসত্য ও ভিত্তিহীন বলে প্রতীয়মান হয়েছে। এ কারণে তিন শিক্ষার্থীর আবাসিকতা সাময়িকভাবে বাতিল করা হলো এবং ভিপিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যার প্রতিবেদনের সুনির্দিষ্ট সময়সীমা থাকবে। শনিবার প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবর রহমান জানান, তল্লাশির বিষয়ে তিনি অবগত ছিলেন না এবং হল প্রশাসনের অনুমতি ছাড়া এ ধরনের কাজ বেআইনি।
