রাজধানীতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সিআইডি ঢাকা মেট্রো পশ্চিমের অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
সিআইডি সূত্রে জানা যায়, সিআইডি ঢাকা মেট্রো পশ্চিমের বিশেষ পুলিশ সুপার জয়নুল আবেদীনের নির্দেশনায় এবং অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ড. রুহুল আমিন সরকার ও শাহানা পারভীনের প্রত্যক্ষ সমন্বয়ে দুপুর ২টা ৩০ মিনিটে একটি আভিযানিক দল রাজধানীর দারুস সালাম থানাধীন মাজার রোড বাস স্টপেজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সাভার থেকে আসা ‘রাজধানী পরিবহন’-এ তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা দুই মাদক ব্যবসায়ী মোঃ মামুন হাওলাদার (৪৫) ও তার সহযোগী মোঃ শামীম (৩৮)-কে সন্দেহজনক আচরণের কারণে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা একটি ট্রলি ব্যাগ তল্লাশি করে মোট ৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযান শেষে মাদকদ্রব্যসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সিআইডি জানায়, মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
