রাজশাহীতে তীব্র তাপদাহে পুড়ছে জনপদ। চলতি মৌসুমে ৪০ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে রাজশাহী আবহাওয়া অফিস। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। একই দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় আপেক্ষিক আর্দ্রতা নেমে আসে ২৯ শতাংশ, যা গরমের তীব্রতা বাড়িয়েছে।
তীব্র গরমে জনজীবন স্থবির হয়ে পড়েছে। খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, বিশেষ করে রিকশাচালক, দিনমজুর ও নির্মাণশ্রমিকরা প্রখর রোদে কাজ করছেন, যা তাদের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ২০ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস এবং ২১ এপ্রিল এটি ছিল ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
ব্যাটারি চালিত অটো রিকশাচালক কবির হোসেন জানান, সড়কে মানুষের উপস্থিতি কম। রোদের মধ্যে রিকশা চালানো সম্ভব হচ্ছে না। তিনি বলেন, “একদিকে গরম, অন্যদিকে রোদ। সব মিলিয়ে সড়কে টেকা যাচ্ছে না।” রাজশাহী আবহাওয়া অফিসের ইনচার্জ রহিদুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেল ৩টায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ।
