রাজ্জাক গ্রুপের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ও বানোয়াট : প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজ্জাক গ্রুপের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ও বানোয়াট : প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেশের স্বনামধন্য ব্যবসায়ীক প্রতিষ্ঠান রাজ্জাক গ্রুপের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন প্রতিষ্ঠানের হেড অব মার্কেটিং মো. গোলাম ফারুক।

বৃহস্পতিবার (৭ মে) জাতীয় প্রেসক্লাবে সাংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৫ মে জাতীয় প্রেসক্লাবে ‘স্বপ্ন ট্যুর’-এর মালিক মো. মাসুদুর রশীদসহ কয়েকটি ট্রাভেল এজেন্সি সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজ্জাক গ্রুপ এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. হাবিবুল ইসলাম বাবলুর বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন, তা ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, আইনজীবীর মাধ্যমে সংগৃহীত ট্রেড লাইসেন্সের কপি অনুযায়ী ‘টিকেট কিংডম’ নামীয় প্রতিষ্ঠানের মালিক মো. উমায়ের করিম ইফতি। অথচ উক্ত প্রতিষ্ঠানের কার্যক্রমের সাথে রাজ্জাক গ্রুপ বা চেয়ারম্যানের কোনো ধরনের ব্যবসায়িক কিংবা আর্থিক সম্পর্ক নেই।

রাজ্জাক গ্রুপের পক্ষ থেকে বলা হয়, প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত টিকেট কিংডমের দায়-দায়িত্ব সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও এর মালিকের। এরপরও একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজ্জাক গ্রুপের সুনাম ক্ষুণ্ন, মানহানি এবং ব্যবসায়িক ক্ষতির উদ্দেশ্যে ধারাবাহিকভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

তিনি সাংবাদিক ও সাধারণ জনগণকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে জানানো হয়, এ বিষয়ে পূর্বে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান মো. হাবিবুল ইসলাম বাবলুর সঙ্গে অভিযোগকারীদের কোনো আর্থিক লেনদেন না থাকা সত্ত্বেও পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে বলে দাবি করা হয়।

আরও পড়ুন