জননিরাপত্তা রক্ষায় একটি এলিট ফোর্স প্রয়োজন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, র্যাব এডহক ভিত্তিতে পরিচালিত হচ্ছে, যা ঠিক নয়। তাই র্যাবের জন্য আলাদা আইন প্রণয়ন করা হচ্ছে।
সোমবার র্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মানবাধিকার সমুন্নত রেখে একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই আইনের অধীনে একটি এলিট ফোর্স থাকবে, যা জননিরাপত্তা নিশ্চিত করবে। র্যাবের নাম পরিবর্তন বা নতুন কোনো ফোর্স গঠনের বিষয়টি সরকার বিবেচনা করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন আইনে বাহিনীর কর্তৃত্ব ও দায়িত্ব নির্ধারণের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, বিগত শাসনামলে র্যাব রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। তবে কয়েকজন কর্মকর্তার কর্মকাণ্ডের জন্য পুরো প্রতিষ্ঠান দায়ী নয়। নতুন করে এলিট ফোর্স গঠন করলে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে পারে বলে আশা করছেন তিনি।
র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার প্রশ্নে মন্ত্রী বলেন, গত তিন মাসে কোনো বাহিনী রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়নি। গুম সংক্রান্ত তদন্ত কমিশন বাতিলের বিষয়ে তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) আইনে সংশোধন এনে গুমের বিচার করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির ও র্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
