শহিদ তিন বিডিআরকে রাষ্ট্রীয় মর্যদা দেওয়ার দাবি

শহিদ তিন বিডিআরকে রাষ্ট্রীয় মর্যদা দেওয়ার দাবি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তে বিডিআর ও বিএসএফএর সংঘর্ষের ২৫ বছর পূর্তি উপলক্ষে ১৮ এপ্রিল বড়াইবাড়ি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মেজর (অব.) হুমায়ন ও মেজর (অব.) জামাল হায়দার আলীর আয়োজনে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয় এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বড়াইবাড়ি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শহীদ পরিবার এবং স্থানীয় গ্রামবাসী।

দুপুর ১২টায় সাবেক সংসদ সদস্য রুহুল আমিনের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সোহেল হোসনাইন কায়কোবাদ এবং প্রধান আলোচক ছিলেন মোস্তাফিজুর রহমান মোস্তফা।

বক্তারা শহীদদের স্মরণ করে বলেন, দেশের মাটি রক্ষা করতে গিয়ে ল্যান্সনায়েক ওয়াহেদ আলী, সিপাহী মাহফুজ এবং সিপাহী আব্দুল কাদের শহীদ হয়েছেন। তারা সরকারের কাছে শহীদ তিন বিডিআরকে রাষ্ট্রীয় মর্যদা দেওয়ার দাবি জানান।

২০০১ সালের ১৮ এপ্রিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের বড়াইবাড়ি গ্রামে ঢুকে নারকীয় তান্ডব চালায়। বিডিআর ও গ্রামবাসীদের প্রতিরোধের ফলে বিএসএফ পিছিয়ে যেতে বাধ্য হয়। এই ঘটনার পর থেকে দিনটি ‘বড়াইবাড়ী দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

আরও পড়ুন