ময়মনসিংহে হামের প্রাদুর্ভাব বাড়ছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে মোট ৭৭ শিশু চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে এসব শিশু ভর্তি হয়। ১৭ মার্চ থেকে আজ শনিবার সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৩৭১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ২৮৪ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং ১০ শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২২ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দুজন করে শিশু ভর্তি হতে শুরু করলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে থাকে। রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালের ৬৪ শয্যার একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে, যেখানে তিনটি মেডিকেল টিম কাজ করছে।
জেলা সিভিল সার্জনের কার্যালয় জানিয়েছে, আজ সকাল পর্যন্ত ১৯৭টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ২৭ শিশু ভর্তি হয়েছে এবং নতুন করে কোনো শিশুর মৃত্যু হয়নি।
