শূন্যরেখায় আটকে থাকা তিন যুবকের ভোগান্তি দীর্ঘায়িত

শূন্যরেখায় আটকে থাকা তিন যুবকের ভোগান্তি দীর্ঘায়িত

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ভুন্দুরচর সীমান্তে টানা ১২ দিন ধরে শূন্যরেখায় আটকে আছেন তিন যুবক। গত ১৪ জুন ভোররাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের অবৈধভাবে ‘পুশইন’ করে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। সীমান্তবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দেওয়ায় সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর থেকে জনমানবহীন খোলা প্রান্তরে পলিথিনের আচ্ছাদনে মানবেতর জীবন কাটছে তাদের।

বিএসএফ ও বিজিবি কেউই তাদের গ্রহণ না করায় স্বজনদের কাছে ফিরতে পারছেন না তারা। বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক ও আলোচনা ভেস্তে যাওয়ায় জটিলতা আরও বেড়েছে। সীমান্তবাসী জানান, ভারী বৃষ্টি ও প্রখর রোদে তাদের থাকতে হচ্ছে। সাপ, বিচ্ছুর ভয় ও মশার কামড়ে ছটফট করছেন তারা। পর্যাপ্ত পানি না থাকায় গোসল করতে পারছেন না, শৌচাগারেরও ব্যবস্থা নেই। মানসিকভাবে বিপর্যস্ত তারা স্বজনদের কাছে ফিরিয়ে নেওয়ার জন্য কান্নাকাটি করছেন।

জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, ‘বিএসএফ আইনি প্রক্রিয়া অনুসরণ করছে না। তারা পুশইনের শিকার তিন যুবককে ফিরিয়ে নিচ্ছে না। আমরা কোনো অবৈধ প্রক্রিয়া মেনে নেব না। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন পর্যায়ে যোগাযোগ রাখা হচ্ছে, আশা করছি দ্রুত সমাধান হবে।’

আরও পড়ুন