ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) শেখ তাসনিম আফরোজ ইমি দুই মাস কারাভোগ শেষে আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিনে তিনি মুক্তি পান।
মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জামিনের কাগজ কারাগারে পৌঁছালে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দুপুর ২টা ৪৫ মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়।
কারাগার থেকে বেরিয়ে সাংবাদিকদের ইমি বলেন, বঙ্গবন্ধুর ভাষণকে যেমন ধারণ করতে হবে, তেমনি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকেও ধারণ করতে হবে। তিনি উল্লেখ করেন, স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে দুই দলের বিভাজনের কারণে দেশ পিছিয়ে আছে।
ইমি বলেন, তিনি অনেক কিছু হারিয়েছেন এবং মাস্টার্স পরীক্ষার কারণে তার বিয়ে পিছিয়ে গেছে। তিনি তার মেজো ভাইকে আর কখনো দেখতে পাবেন না বলে দুঃখ প্রকাশ করেন।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন আরও সহিষ্ণু আচরণ করে এবং পুলিশি হয়রানির মাধ্যমে কাউকে ভোগানো উচিত নয়। তিনি বলেন, এটি তার জন্য অত্যন্ত অভিশপ্ত একটি অভিজ্ঞতা।
ইমি বলেন, তিনি বিশ্বাস করেন যে, তিনি এমন কিছু করেননি, যার জন্য তাকে বন্দি থাকতে হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গত ৩০ এপ্রিল হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।
