শেয়ারবাজারে দুই ঘণ্টায় ৪৩০ কোটি টাকা লেনদেন

শেয়ারবাজারে দুই ঘণ্টায় ৪৩০ কোটি টাকা লেনদেন

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতনের মধ্যে লেনদেন চলছে। প্রথম দুই ঘণ্টায় প্রায় ৪৩০ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সকাল ১০টায় লেনদেন শুরু হলে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়তে শুরু করে। তবে বেলা ১১টার পর ধীরে ধীরে বেশ কিছু শেয়ার দরপতনের তালিকায় নাম লেখায়। বেলা ১২টা পর্যন্ত এই তালিকা আরও বড় হয়।

প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে মোট ৩৯১টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ১৩১টির দাম বেড়েছে, ১৮৫টির দাম কমেছে এবং ৭৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় দুপুর ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১ পয়েন্ট কমে ৫ হাজার ২৯৭ পয়েন্টে অবস্থান করছে।

এ সময়ে ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৬ পয়েন্টে পৌঁছেছে।

ডিএসইতে প্রথম দুই ঘণ্টায় মোট ৪২৯ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন চলবে দুপুর ২টা পর্যন্ত। বুধবার পূর্ণ কার্যদিবসে এক্সচেঞ্জটিতে দুই মাসের বেশি সময় পর হাজার কোটি টাকার (১০৫৬ কোটি ৩৬ লাখ) বেশি লেনদেন হয়।

আরও পড়ুন