শেয়ারবাজার কেলেঙ্কারিতে ১৪৯৬ কোটি টাকা জরিমানা

শেয়ারবাজার কেলেঙ্কারিতে ১৪৯৬ কোটি টাকা জরিমানা

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, শেয়ারবাজারে অনিয়ম, কারসাজি ও বিতর্কিত লেনদেনের কারণে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ হাজার ৪৯৬ কোটি ৬৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী উল্লেখ করেছেন, ২০২৪ সালের ৫ অগাস্টের পর পুনর্গঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ১২টি বিষয়ে অনুসন্ধান ও তদন্ত চালিয়েছে। এসব তদন্তের ভিত্তিতে সাবেক বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, সাবেক কমিশনার শামসুদ্দিন আহমেদ এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সেলিম রেজা জানতে চান, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পুকুরচুরিতে ধ্বংসপ্রাপ্ত পুঁজিবাজার’ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। উত্তরে মন্ত্রী জানান, বিগত সরকারের আমলে পুকুরচুরিতে ধ্বংসপ্রাপ্ত পুঁজিবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়। পরে কমিশনের নেতৃত্বে পরিবর্তন আনা হয়।

সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, সরকার পরিবর্তনের পর নতুন কমিশন পাঁচ সদস্যের একটি অনুসন্ধান ও তদন্ত কমিটি গঠন করে, যা ১২টি বিষয়ে অনুসন্ধান চালিয়ে প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের ভিত্তিতে নিষেধাজ্ঞা, জরিমানা এবং বিভিন্ন অভিযোগ দুদকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন