শ্রীমঙ্গল প্রায় পর্যটকশূন্য: ছুটির দিনেও ৮০ ভাগ হোটেল রুমে নেই বুকিং

শ্রীমঙ্গল প্রায় পর্যটকশূন্য: ছুটির দিনেও ৮০ ভাগ হোটেল রুমে নেই বুকিং

শ্রীমঙ্গল বর্তমানে প্রায় পর্যটকশূন্য অবস্থায় রয়েছে। ঈদের পর সাধারণত পর্যটকের ঢল নামলেও চলমান জ্বালানি সংকটের কারণে এবার পরিস্থিতি ভিন্ন। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে যেখানে হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁগুলোতে বুকিংয়ের হার ৮০ শতাংশ ছিল, সেখানে বর্তমানে তা ২০ শতাংশের নিচে নেমে এসেছে।

গত শুক্র ও শনিবার শ্রীমঙ্গলের বিভিন্ন পর্যটনকেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, অধিকাংশ রিসোর্টের কক্ষ ফাঁকা পড়ে আছে। এই পরিস্থিতির জন্য স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা জ্বালানি সংকটকে দায়ী করেছেন। রাধানগরের ‘প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্ট’-এর জ্যেষ্ঠ রিজার্ভেশন এক্সিকিউটিভ সৈয়দ নাসিম জানান, সাপ্তাহিক ছুটিতে তাদের বুকিং আশঙ্কাজনকভাবে কমেছে। তিনি বলেন, ‘আগে শুক্র ও শনিবার আমাদের গড়ে ৮০ শতাংশ বুকিং থাকত। এখন তা কমে প্রায় ২০ শতাংশে নেমে এসেছে।’

‘গ্র্যান্ড সেলিম রিসোর্ট’-এর স্বত্বাধিকারী সেলিম আহমেদ জানান, ‘জ্বালানি সংকটের কারণে শ্রীমঙ্গলের হোটেল-রিসোর্টে বলতে গেলে কোনো পর্যটক নেই। বেশির ভাগ জায়গাতেই কক্ষ ফাঁকা পড়ে আছে।’

ঢাকা থেকে শ্রীমঙ্গলে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন সাহাদাত হোসেন, কিন্তু জ্বালানি সংকটের কারণে তাকে পরিকল্পনা বাতিল করতে হয়েছে। তিনি বলেন, ‘এবার তেলের সংকটের কারণে গাড়ি জোগাড় করা খুব কঠিন হয়ে পড়েছে।’

রাধানগরের ‘চামুং রেস্তোরাঁ’-এর সহকারী ব্যবস্থাপক দিলীপ পাশি জানান, পর্যটক না থাকায় তাদের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম। তিনি বলেন, ‘ছুটির দিনগুলোতে যে ভিড় থাকত, এখন তার ছিটেফোঁটাও নেই।’

মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, স্থানীয় পর্যটন ও ব্যবসা-বাণিজ্যে সহায়তা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন