সরকার সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে ৩ কর্মকর্তাকে। এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ও ওয়াকফ প্রশাসক পদে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ জাকারিয়া। সাফিজ উদ্দিন আহমেদ ওয়াকফ প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এবং আব্দুল্লাহ আল বাকীকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।
আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। এ কর্মকর্তাদের আগামী এক বছর মেয়াদের জন্য সচিব পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী, এসব কর্মকর্তাদের অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া, মহিলা বিষয়ক অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) সংযুক্ত অতিরিক্ত সচিব শায়লা শারমিন জামানকে নিয়োগ দেওয়া হয়েছে।
