গাইবান্ধার ফুলছড়িতে সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে পড়ে ধান বোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। তার বুকের হাড়-জোড় ভেঙে গেছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১০ মে) বিকেল তিনটার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ মদনেরপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন দুর্ঘটনাস্থলে থাকা ফুলছড়ি থানার এসআই সুকুমার রায়।
২৫ বছর বয়সী নিহত ওই যুবকের নাম এরশাদ আলী। তিনি উপজেলার উদাখালী ইউনিয়নের উত্তর কাঠুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে উত্তর কাঠুরের দিক থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন মোটরসাইকেলচালক এরশাদ। পথে কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ মদনেরপাড়ার কছিম খলিফার বাড়ির সামনে পৌঁছালে একই পথে যাওয়া ধান বোঝাই একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করেন তিনি। এ সময় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে মোটরসাইকেলসহ পড়ে গিয়ে ট্রাকের চাকার সাথে ধাক্কা লেগে বুকে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তারপরেও স্থানীয়রা তাকে সন্তেহজনকভাবে বেঁচে আছে ভেবে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ফুলছড়ি থানার এসআই সুকুমার রায় জানান, নিহত যুবক ওভারটেক করতে গিয়ে রাস্তায় রোদে শুকাতে দেওয়া খড়ে স্লিপ করে মোটরসাইকেলসহ পড়ে যায়। এতে ট্রাকের পিছনের চাকায় ধাক্কা লেগে তার বুকের পাঁজর ভেঙে যায়। ট্রাকটি এবং মোটরসাইকেল থানায় নেওয়া হচ্ছে। মরদেহ আগেই হাসপাতালে নিয়ে গেছে স্থানীয়রা।
