রাজধানীর মিরপুরে জুলাই আন্দোলনে দেলোয়ার হোসেনকে হত্যার অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) বহিষ্কৃত কর্মকর্তা মো. আফজাল নাছেরকে সপ্তম দফায় তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
সোমবার (২০ এপ্রিল) ছয় দফায় ২১ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুনানির পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কফিল উদ্দিন আদালতে আসামিকে হাজির করে আবার পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনে বলা হয়, আগের দফার রিমান্ডে আসামি কিছু বিচ্ছিন্ন তথ্য দিয়েছেন। হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন এবং এতে জড়িত অন্যদের ভূমিকা নিশ্চিত করতে তাকে আবার জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
গত ৩০ মার্চ ভোরে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই গণ–আন্দোলনে সংহতি জানিয়ে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় অবস্থান করছিলেন দেলোয়ার হোসেন (৪০)। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েক শ নেতা-কর্মী আফজাল নাছেরের নির্দেশে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করে। এতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হন এবং চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই হাসপাতালে মারা যান। ওই ঘটনার পর নিহতের পরিবার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন।
