সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা কার্যকর

সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা কার্যকর

সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ইলিশসহ সামুদ্রিক মাছের বংশবিস্তার এবং সংরক্ষণের লক্ষ্যে বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাত থেকে ১৫ এপ্রিল শুরু হওয়া এই নিষেধাজ্ঞা ১১ জুন পর্যন্ত বলবৎ থাকবে। মৎস্য বিভাগ উপকূলীয় এলাকায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রচারণা চালিয়ে যাচ্ছে।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, ভোলায় সমুদ্রগামী পাঁচ হাজারেরও বেশি মাছ ধরার ট্রলার রয়েছে এবং এই নিষেধাজ্ঞার আওতায় জেলেরা মাছ ধরতে যেতে পারবেন না। ভোলায় এক লাখ ৭০ হাজার জেলের মধ্যে ৬৩ হাজার ৯৫৪ জনের জন্য ভিজিএফের চাল বরাদ্দ হয়েছে, যাতে তারা প্রত্যেকে ৭৭ কেজি করে চাল পাবেন।

নিষেধাজ্ঞা শুরু হওয়ার আগে মঙ্গলবার ভোলার বিভিন্ন মাছঘাটে জেলেদের ব্যস্ততা দেখা যায়। জেলেরা সাগরে থাকা ট্রলার নিয়ে তীরে ফিরে আসছেন এবং অনেকেই মেরামতের কাজ করছেন। তবে দীর্ঘ দুই মাস আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় ভোলার প্রায় দুই লাখ জেলে চরম উদ্বেগে রয়েছেন।

বরিশাল বিভাগীয় ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি ইসরাইল পণ্ডিত জানান, নিষেধাজ্ঞার মধ্যে ভোলার প্রায় এক-তৃতীয়াংশ জেলে থাকবে। তাদের জীবিকা নির্বাহের জন্য অন্তত ১০০ কেজি চাল এবং নগদ অর্থ বিতরণ করা প্রয়োজন। জেলেরা ঋণের বোঝা নিয়ে উদ্বিগ্ন এবং সরকারি খাদ্য সহায়তা (ভিজিএফ) দ্রুত বিতরণের পাশাপাশি এনজিওর ঋণের কিস্তি স্থগিত রাখার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুন