সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশজুড়ে বাড়ছে হাম ও উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ২ শিশু এবং কুমিল্লায় ১ শিশুর মৃত্যু হয়েছে। এতে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে অভিভাবকদের মধ্যে।

হাম পরিস্থিতির অবনতি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সিলেট বিভাগে। প্রাদুর্ভাব শুরুর পর এখন পর্যন্ত সিলেটে মোট ৩৭ জনের মৃত্যু হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৭৩ জন রোগী। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৭৫ জন।

অপরদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ২৬ জন। সেখানে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১০৩ জন।

এছাড়া বরিশাল, রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও হাম আক্রান্ত রোগীর চাপ বাড়ছে। শিশুদের মধ্যে সংক্রমণ বেশি হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন অনেক অভিভাবক।

তবে চিকিৎসকরা জানান, আতঙ্কিত না হয়ে সবাইকে আরও সচেতন হতে হবে। এছাড়া, শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, জ্বর বা শরীরে ফুসকুড়ি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং আক্রান্তদের আলাদা রাখার পরামর্শ দিয়েছেন তারা।

আরও পড়ুন