কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুরে ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় ৩০ ঘণ্টার বেশি সময় ধরে অবস্থানরত ১২ জনের বিষয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত আসেনি।
আজ শনিবার কুষ্টিয়া ৪৭-বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন যে, সকাল সাড়ে ৯টার দিকে ২০ মিনিট ধরে পতাকা বৈঠক হয়। বিএসএফ জানিয়েছে, তারা কাগজপত্র যাচাইবাছাই করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে। আপাতত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি।
শুক্রবার ভোরে ১২ জনকে প্রাগপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। তাদের মধ্যে ৪ জন নারী, ৪ জন পুরুষ এবং ৪ জন শিশু রয়েছে, যার মধ্যে এক শিশুর বয়স এক থেকে দেড় বছরের মধ্যে। প্রথমে তারা বাংলাদেশে ঢুকে পড়েন, পরে স্থানীয়দের সহায়তায় বিজিবির কাছে পৌঁছান এবং সীমান্তের শূন্যরেখায় ফেরত পাঠানো হয়।
স্থানীয়রা জানায়, সীমান্তঘেঁষা মাথাভাঙ্গা নদী থেকে পানি তুলে তাদের কাছে পৌঁছে দিয়েছে কয়েকজন বাংলাদেশি। গতকাল সারাদিন কাটানোর পর তাদের সেখানে রাতও পার করতে হয়।
