সুতাকাটা ঘুড়ি খুঁজতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

সুতাকাটা ঘুড়ি খুঁজতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

নড়াইলে সুতাকাটা ঘুড়ি খুঁজতে গিয়ে বিলের মধ্যে পড়ে হুসাইন নামে এক স্কুলছাত্র মারা গেছে। শনিবার (২৭ জুন) বিকেলে কালিয়া উপজেলার নোয়াগ্রাম দক্ষিণপাড়ার এ ঘটনা ঘটে।

হুসাইন ওই গ্রামের সাবু শেখের ছেলে এবং স্থানীয় শাহবাগ ইউনাইটেড একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র। ছেলের মৃত্যুর খবরে প্রবাস থেকে ছুটে এসেছেন তার বাবা।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকেলে হুসাইন বিলের দিকে ঘুড়ি ওড়াতে যায়। হঠাৎ সুতা কেটে গেলে ঘুড়ির পেছনে ছুটতে থাকে সে। এ সময় তার সম বয়সী কয়েকজন দেখতে পায় বিলের নরম মাটিতে হুসাইন মাথা উপুড় হয়ে পড়ে আছে। এ সময় ওই শিশুরা চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হুসাইনের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

কালিয়া থানার এস আই দিবাকর সরকার জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হুসাইনের গলায় ঘুড়ির সুতা পেচানো ছিল। এ ছাড়া, শরীরে আঘাতের তেমন কোনো চিহ্ন দেখা যায়নি। হুসাইনের মৃত্যুর খবর শুনে তার মালয়েশিয়াপ্রবাসী বাবা বাড়িতে এসেছেন। রোববার বিকেলে হুসাইনের দাফন হওয়ার কথা রয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, হুসাইনের মৃত্যুর ঘটনায় পরিবার থেকে কোনো ধরনের অভিযোগ করা হয়নি।

আরও পড়ুন