সুন্দরবনে দুই বনদস্যু আটক, তিন জেলে উদ্ধার

সুন্দরবনে দুই বনদস্যু আটক, তিন জেলে উদ্ধার

সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে অস্ত্র ও গুলিসহ দুই বনদস্যু আটক এবং তিন জেলে উদ্ধার করা হয়েছে। শুক্রবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনী খুলনার দাকোপের বাইনতলা খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। শুক্রবার ভোর ৬টায় কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযানকালে দুই বনদস্যুকে আটক করা হয় এবং তাদের আস্তানা ধ্বংস করা হয়।

আটককৃত ডাকাত মোঃ সোহাগ হাওলাদার (৩৫) বাগেরহাটের শরণখোলা এবং বাবুল সানা (৪২) খুলনার পাইকগাছা থানার বাসিন্দা। তাদের কাছ থেকে দুইটি একনালা বন্দুক, ২৩ রাউন্ড তাজা গুলি, পাঁচ রাউন্ড ফাঁকা গুলি, পাঁচ পিস ইয়াবা ও নগদ ১,১০০ টাকা জব্দ করা হয়েছে।

অপরদিকে, গত মঙ্গলবার সুন্দরবনের জোনাব বাহিনীর সদস্যরা সাতক্ষীরার শ্যামনগরের হোগলডরা খাল সংলগ্ন এলাকা থেকে তিন জেলেকে জিম্মি করে। গত ১ এপ্রিল সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ডের অভিযানে ওই তিন জেলে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জেলে ইনতাজ (৫০), মোশাররফ (৪২) ও আনিস (৪৫) সাতক্ষীরার শ্যামনগর থানার বাসিন্দা। তাদের সঙ্গে একটি নৌকা এবং ডাকাতদের ব্যবহৃত একটি নৌকা, দুই রাউন্ড তাজা কার্তুজ, এক রাউন্ড ফাঁকা কার্তুজ, তিনটি ওয়াকিটকি চার্জার, তিনটি মোবাইল ব্যাটারি ও একটি কুড়াল জব্দ করা হয়েছে।

আটককৃত ডাকাত, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। গত দেড় বছরে কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযানে ৬১ জন ডাকাত সদস্য আটক করা হয়েছে।

অভিযানগুলোতে ৮০টি আগ্নেয়াস্ত্র, ৫৯৯ রাউন্ড তাজা গোলা, ৩০৮ রাউন্ড ফাঁকা গোলা ও ১,৯৫০ রাউন্ড এয়ারগানের গুলি জব্দ এবং দস্যুদের কবল থেকে ৭৮ জন জেলে ও তিন জন পর্যটক উদ্ধার করা সম্ভব হয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরও পড়ুন