সুন্দরবনের শিঙ্গের নালা খাল এলাকায় ভারতগামী একটি মালবাহী জাহাজে বনদস্যুরা হামলা চালিয়ে লুটপাট ও গুলিবর্ষণ করেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। এ সময় আশপাশের আরও চারটি জাহাজে ডাকাতির চেষ্টা করা হয়েছে।
ভারত-বাংলাদেশ নৌ-প্রটোকলের অধীনে ঢাকা থেকে মোংলা বন্দর হয়ে সুন্দরবনের শাকবাড়িয়া, বজবজা, আড়ুয়া শিবসা ও শিবসা নদী দিয়ে ভারতে যায় এসব নৌযান। জাহাজগুলো হচ্ছে এমভি খারেহেরা, এমভি বয়রাতলা, এমভি আ. হাকিম, এমভি আরিয়ান ছালাম ও এমভি আব্দুল হাকিম-১।
জাহাজের ইনচার্জ মাস্টার মো. নুর নবী জানান, শনিবার দুপুরে মোংলা থেকে ছেড়ে আসা ভারতগামী মালবাহী জাহাজ আ: হাকিম-১ কয়রার আংটিহারা কাস্টমসের উদ্দেশে রওনা হয়। আসার পথে সন্ধ্যা সাড়ে ৭টায় সুন্দরবনের শিঙ্গের নালা খাল এলাকায় পৌঁছালে বনদস্যুরা বোট নিয়ে জাহাজের গায়ে ভিড়িয়ে উপরে উঠে নাবিকদের মারধর করে। তারা নগদ টাকা, মোবাইল ও মালামাল লুট করে নিয়ে যায় এবং দোতলায় মাস্টার ব্রিজে প্রবেশের জন্য ১৫-২০ রাউন্ড গুলি ছোড়ে।
