সুন্দরবন থেকে একটি হরিণ সুতারখালী নদী পার করে কালাবগী লোকালয়ে চলে আসে। এলাকাবাসী দেখতে পেয়ে বন বিভাগকে জানালে তাৎক্ষণিকভাবে হরিণটি উদ্ধার করে পুনরায় বনেই অবমুক্ত করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৮ টার দিকে সুন্দরবন পশ্চিম বনবিভাগের কালাবগী ষ্টেশন এলাকায় একটি হরিণ ঝোপের মধ্যে অবস্থান করছিল। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহায়তায় হরিণটি উদ্ধার করেন। পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে হড্ডা টহল ফাঁড়ির পাশের বনে অবমুক্ত করা হয়।
শরিফুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে হরিণটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে সুস্থ করেই বনে অবমুক্ত করা হয়েছে।’ এ সময় উপস্থিত ছিলেন নলিয়ান স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোবারক হোসেন, হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন এবং বন বিভাগের সদস্যরা।
অন্যদিকে, গত বুধবার সকাল ১০ টার দিকে নলিয়ান স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন একটি হরিণকে ফুট প্রেট্রোলিং হাড্ডরা খাল এলাকা থেকে ফাঁদে আটকে থাকা অবস্থায় উদ্ধার করেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে হরিণটিকে সুস্থ করেই বনে ছেড়ে দেওয়া হয়েছে।
এছাড়া সেই অভিযানে পাটাকাটা এলাকা থেকে ২০টি হরিণ ধরার সিটি ফাঁদ উদ্ধার করা হয়। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকতা এজেডএম হাছানুর রহমান বলেন, ‘বন বিভাগের এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।’
