রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে নির্মাণাধীন প্রকল্পের মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় প্রায় ১০ লাখ টাকা মূল্যের চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেন- আল মামুন সরকার (৩৩), মো. মামুনুর রশীদ (৪০) ও মো. মাসুম বিল্লাহ (৩৫)।
তিনি জানান, গত মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর আনুমানিক ৬টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত সুপার স্পেশালাইজড হাসপাতালের বেজমেন্ট-২-এর নির্মাণাধীন প্রকল্পের ভবনের প্রকৌশল শাখার মূল্যবান নির্মাণসামগ্রীর অংশ (স্ক্র্যাপ) মিনি ট্রাকে করে কয়েকজন ব্যক্তি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শাহবাগ থানায় একটি চুরির মামলা করা হয়। মামলাটি করার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে মামুন সরকার ও মো. মামুনুর রশীদকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, একই তারিখে রাত আনুমানিক সাড়ে ১১টায় বাড্ডা থানা এলাকা থেকে মো. মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চার মিনি ট্রাক নির্মাণসামগ্রীর অংশ (স্ক্র্যাপ) উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা অসাধু চোর চক্রের সক্রিয় সদস্য এবং তারা সুপার স্পেশালাইজড হাসপাতালের অব্যবহৃত নির্মাণসামগ্রীর অংশ (স্ক্র্যাপ) চুরি করেছেন বলে স্বীকার করেছেন।
