সোনারগাঁয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষা, ১১ শিক্ষককে অব্যাহতি

সোনারগাঁয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষা, ১১ শিক্ষককে অব্যাহতি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলতি এসএসসি পরীক্ষায় পুরোনো সিলেবাসের প্রশ্নপত্র সরবরাহের ঘটনায় কেন্দ্র সচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ করা হয়েছে।

দায়িত্ব অবহেলার কারণে প্রত্যবেক্ষণ হিসাবে নিয়োজিত ১১ শিক্ষককে এসএসসি পরীক্ষার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার, ২২ এপ্রিল, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক চিঠিতে কেন্দ্র সচিবের বিরুদ্ধে এই সুপারিশ করা হয়।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের মহাপরিচালকের কাছে এ সুপারিশ করা হয়েছে। একই দিনে, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত আরেকটি চিঠিতে ১১ শিক্ষককে অব্যাহতির বিষয়টি জানানো হয়। এই তথ্য নিশ্চিত করেছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।

গত মঙ্গলবার, কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেয় ৭৬০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১৭৭ জনকে ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। এ প্রশ্নে নিয়মিত শিক্ষার্থীরা এক ঘন্টা ২৫ মিনিট পরীক্ষা দেয়। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে সঠিক প্রশ্নে সময় বাড়িয়ে পরীক্ষা গ্রহণ করা হয়। ওই দিন বিকেলেই কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়।

আরও পড়ুন