হবিগঞ্জ জেলার চুনারুঘাটের একটি বাড়ি থেকে একটি বিপন্ন লজ্জাবতী বানর (নিকটাইসবাস বেঙ্গলেনসিস) উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলার পশ্চিম দেওরগাছ গ্রামের স্কুলশিক্ষক শাহেদ মিয়ার বাড়ির পাশ থেকে বানরটিকে উদ্ধার করে বন বিভাগ। এটিকে সাতছড়ি সংরক্ষিত বনে অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে। সাতছড়ি রেঞ্জ অফিসার মেহেদী হাসান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়ভাবে লজ্জাবতী বানর নামে পরিচিত এই প্রজাতিটি আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থার (আইইউসিএন) ‘বিপন্ন’ বা ‘এনডেঞ্জারড’ তালিকাভুক্ত। প্রকৃতিতে বিলুপ্ত হয়ে যাবার সম্ভাবনা থাকায় বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও সুরক্ষা আইনের অধীনে সুরক্ষিত প্রজাতিটি।
বন কর্মকর্তাদের মতে, পূর্ণবয়স্ক পুরুষ বানরটি রোববার রাতে নিকটবর্তী একটি জঙ্গল থেকে শাহেদ মিয়ার বাড়ির কাছের একটি সামাজিক বনায়ন এলাকায় প্রবেশ করে। পরে স্থানীয়রা প্রাণীটিকে নিয়ন্ত্রণে এনে বন বিভাগকে খবর দেয়।
কর্মকর্তারা বলেছেন, বানরটিকে সুস্থ অবস্থায় পাওয়া গেছে এবং এর শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন নেই। আজই এটিকে সাতছড়ি সংরক্ষিত বনে ছেড়ে দেওয়ার কথা রয়েছে।
আইইউসিএনের তথ্যানুযায়ী, লজ্জাবতী বানরের সংখ্যা কমে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। ২০০৭ সাল পর্যন্ত আইইউসিএন রেড লিস্টে প্রজাতিটিকে ‘অপ্রতুল তথ্য’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। ২০০৮ সালে এটিকে ‘সংকটাপন্ন’ বা ‘ভালনারেবল’ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়।
ক্রমাগত শিকারের চাপ ও বাসস্থান হারানোর কারণে আগামী পাঁচ প্রজন্ম বা প্রায় ২৪ বছরে প্রজাতিটির সংখ্যা ৫০ শতাংশের বেশি কমে যাওয়ার শঙ্কা জানিয়েছে আইইউসিএন।
